বাঁশ: নেতিবাচক উপমা বনাম পরিবেশ ও অর্থনীতির ইতিবাচক বাস্তবতা

উপ-সম্পাদকীয়, 18 September 2026, 64 বার পড়া হয়েছে,

আদিত্য কামাল : বাংলা ভাষায় ‘বাঁশ দেওয়া’ বা ‘বাঁশ খাওয়া’ শব্দবন্ধটি বেশ নেতিবাচক ও সংবেদনশীল এক উপমা। কাউকে বিপদে ফেলা বা ঠকানোর অর্থে আমরা হরহামেশাই কথাটি ব্যবহার করি। অথচ এই সাধারণ লোকজ উপমার আড়ালে ঢাকা পড়ে গেছে প্রকৃতি ও মানবসভ্যতায় বাঁশের অসাধারণ অবদানের গল্প। ১৮ সেপ্টেম্বর বিশ্ব বাঁশ দিবস। ২০০৯ সালে থাইল্যান্ডের ব্যাংককে বিশ্ব বাঁশ সংস্থার অষ্টম কংগ্রেসে কামেশ সালামের প্রস্তাবে যে দিবসের সূচনা, আজ তা বিশ্বজুড়ে মানুষকে মনে করিয়ে দিচ্ছে—বাঁশ কেবল একখণ্ড লাঠি নয়, বরং এটি টেকসই ভবিষ্যতের এক অনন্য হাতিয়ার।

​বাঁশ মূলত কোনো গাছ নয়, এটি ঘাস জাতীয় চিরসবুজ বহুবর্ষজীবী উদ্ভিদ। বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসেও এর উপস্থিতি বিস্ময়কর। টমাস আলভা এডিসন যখন প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক বাতি উদ্ভাবন করেন, তখন তার ফিলামেন্ট হিসেবে ব্যবহার করেছিলেন পোড়ানো বাঁশের আঁশ।

​জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্যমতে, বিশ্বে চীনের ৫০০ ও ব্রাজিলের ২৩২ প্রজাতির পর ৩৩টি প্রজাতি নিয়ে বাংলাদেশ বিশ্বে অষ্টম স্থানে রয়েছে। বন গবেষণা ইনস্টিটিউট এই ৩৩টি প্রজাতি সংরক্ষণ করলেও মুলি, তল্লা, আইক্কা কিংবা ছড়ি বাঁশের প্রকৃত সম্ভাবনা আমরা কাজে লাগাতে পারিনি। যেখানে চীনা সংস্কৃতিতে বাঁশ সমৃদ্ধি ও শুভশক্তির প্রতীক, সেখানে আমরা একে দেখেছি কেবল সস্তা ঘর মোড়ানোর উপাদান হিসেবে।

​অথচ পরিবেশ রক্ষায় বাঁশের ভূমিকা অপরিসীম। এটি অন্য যেকোনো গাছের তুলনায় ৩৫ শতাংশ বেশি অক্সিজেন তৈরি করে এবং বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। বাঁশের শিকড় মাটির ক্ষয় রোধে প্রাকৃতিক বর্ম হিসেবে কাজ করে। স্বাস্থ্য ও খাদ্যশিল্পেও এর অবস্থান শক্ত; পাহাড়িদের প্রিয় খাদ্য কচি ‘বাঁশ কোড়ল’ প্রোটিন, ফাইবার ও প্রয়োজনীয় খনিজ উপাদানে ভরপুর এক স্বাস্থ্যকর খাবার।

​প্লাস্টিকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে এখন বাঁশের আসবাব, ক্রোকারিজ, এমনকি পোশাক তৈরির সুতা ব্যবহার হচ্ছে। ‘গ্রিন গোল্ড’ বা সবুজ সোনা নামে পরিচিত এই উদ্ভিদ বাংলাদেশকে দিতে পারে বিশাল অর্থনৈতিক সম্ভাবনা। বাঁশকে কেন্দ্র করে কুটির ও আধুনিক শিল্প গড়ে তুললে যেমন নতুন কর্মসংস্থান তৈরি হবে, তেমনি আন্তর্জাতিক রফতানি বাজারেও বাংলাদেশ শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

​আজ সময় এসেছে বাঁশ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোর। নেতিবাচক রূপক থেকে বের হয়ে পরিবেশবান্ধব, টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাঁশের বহুমুখী ব্যবহার ও সংরক্ষণ জোরদার করাই হোক বিশ্ব বাঁশ দিবসের মূল অঙ্গীকার।