আদিত্য কামাল : যোগাযোগের গতি আধুনিক জীবনে নিয়ে এসেছে তীব্র চঞ্চলতা। একটি মাত্র ক্লিকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বার্তা পৌঁছে যাচ্ছে নিমেষেই, ভেসে উঠছে ছবির দৃশ্যপটের পর দৃশ্যপট। কিন্তু এই দ্রুতি ও তাৎক্ষণিকতার ভিড়ে কোথাও যেন হারিয়ে যাচ্ছে যোগাযোগের পরম গভীরতা ও আন্তরিকতা। ডিজিটাল মেসেজের স্ক্রিনে যে কথাটি কেবল টাইপ করা টেক্সট মাত্র, কাগজের পাতায় কালির আঁচড়ে তা-ই হতে পারত হৃদয়ের একেকটি উষ্ণ স্পন্দন। ঠিক এই কারণেই দ্রুত গতির যুগে দাঁড়িয়ে ‘বিশ্ব চিঠি দিবস’ আমাদের কেবল একটি হারিয়ে যাওয়া মাধ্যমকে স্মরণ করিয়ে দেয় না, বরং স্মৃতির জানলা খুলে দিয়ে শেখায় একটু থামতে, অনুভূতির গভীরে ডুব দিতে।
একসময় ডাকপিয়নের বাইসাইকেলের টুংটাং ঘণ্টা ছিল বাঙালি গৃহস্থের হৃদস্পন্দনের গান। চিঠির ডাক মানেই ছিল দীর্ঘ প্রতীক্ষা, আর সেই ভালোবাসার অপেক্ষার শেষ হতো রঙিন খামের ভেতর বন্ধি পরিচিত কোনো হাতের লেখায়। চিঠি কেবল কোনো বার্তা বয়ে আনত না, বয়ে আনত মানুষের উপস্থিতি। অক্ষরের খাঁজে খাঁজে লেগে থাকত লেখকের মেজাজ, কাটাকাটি হওয়া শব্দের পেছনে লুকিয়ে থাকত ইতস্তত ভাবনা, এমনকি কখনো কখনো কাগজের কোণে শুকিয়ে যাওয়া চোখের জল কিংবা স্মৃতির গন্ধ। ডিজিটাল মেসেজে ব্যাকস্পেস চেপে শব্দ মুছে ফেলা সহজ, কিন্তু চিঠির পাতায় প্রতিটি ভুল-শুদ্ধ কাটাকাটিই বলে দিত মনের অলিখিত গল্প।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, চিঠি কেবল দুটি হৃদয়ের একান্ত আলাপ ছিল না; চিঠি হয়ে উঠেছে যুগান্তকারী ইতিহাসের নির্ভরযোগ্য দলিল। রবীন্দ্রনাথের চিঠি, কাজী নজরুলের প্রেম ও সংগ্রামের চিঠি, কিংবা বিশ্বের নানা প্রান্তের রাজনেতা, কবি-সাহিত্যিক ও গবেষকদের ব্যক্তিগত চিঠিগুলো আজ একেকটি সময়ের জীবন্ত সাক্ষ্য। এসব চিঠির মধ্য দিয়েই উঠে এসেছে তৎকালীন সমাজ, রাজনীতি ও মানুষের ভেতরের রূপ। একটি হাতে লেখা কাগজ যে কতটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে, তা আজকের আর্কাইভগুলোতে সংরক্ষিত ঐতিহাসিক চিঠিগুলো দেখলেই বোঝা যায়।
আজকের যান্ত্রিক ব্যস্ততায় আমরা সব পাচ্ছি দ্রুত, কিন্তু হারাচ্ছি স্থায়ী আবেগ। কয়েক সেকেন্ডে পাঠানো এক লাইনের টেক্সট আর যাই হোক, বহু বছর পর আলমারির যত্ন করে রাখা ডায়েরির পাতা থেকে বের হওয়া হলুদ হয়ে যাওয়া চিঠির মতো রোমাঞ্চ দিতে পারে না। চিঠি লেখা মানে কাউকে নিজের জীবনের কিছুটা নিঃশব্দ সময় উপহার দেওয়া। যে সময়টাতে কোনো নোটিফিকেশনের ব্যস্ততা নেই, নেই কোনো সামাজিক মাধ্যমের তাড়াহুড়ো—পুরোটা সময় জুড়ে কেবল একজন মানুষের প্রতি পরম মনোযোগ।
১ সেপ্টেম্বর বিশ্ব চিঠি লেখা দিবস তাই কোনো পুরোনো স্মৃতিকাতরতা বা স্রেফ নস্টালজিয়ার প্রতীক নয়; এটি যোগাযোগের চিরন্তন উষ্ণতা ফিরিয়ে আনার এক আহ্বান। প্রযুক্তি আমাদের যুক্ত করেছে ঠিকই, কিন্তু কতটুকু কাছে এনেছে—সেই প্রশ্নটা রয়েই যায়।
আসুন, এই ডিজিটাল কোলাহলের মাঝে আজ অন্তত একটি দিন মুঠোফোনটা পাশে সরিয়ে রাখি। একটি সাদা কাগজ আর কলম হাতে নিই। বহুকাল খোঁজ না নেওয়া কোনো পুরানো বন্ধু, দূরে থাকা প্রিয়জন কিংবা ঘরের পাশের মানুষকে উদ্দেশ্য করে লিখে ফেলি কয়েকটি বাক্য। কৃত্রিম স্ক্রিনের বাইরে নিজের চেনা হাতের লেখায় ফুটে উঠুক ভালোবাসার গভীরতা। কারণ, সময়ের ধূলিজমে ডিজিটাল বার্তা হয়তো হারিয়ে যাবে, কিন্তু কাগজের পাতায় কালির কালজয়ী ছোঁয়া থেকে যাবে বহু বছর।
