নওয়াবেকী বাজারে রাতের আঁধারে অবৈধ চর দখল: স্থানীয়দের বাধা তোয়াক্কা না করেই চলছে স্থাপনা নির্মাণ

ব্রাহ্মণবাড়িয়া, 24 March 2026, 71 বার পড়া হয়েছে,

মোঃ আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর (সাতক্ষীরা): শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী নওয়াবেকী বাজারে সরকারি খাস জমি ও নদী সংলগ্ন চর দখলের মহোৎসব শুরু হয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে অবৈধভাবে এই দখলের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে নওয়াবেকী বাজারের গুরুত্বপূর্ণ একটি অংশে চরের জমি ভরাট করে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টা চালানো হচ্ছে। দিনের বেলা স্থানীয় সচেতন জনতা একত্রিত হয়ে বাধা প্রদান করলে কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তবে এক অদ্ভুত কৌশলে রাতের আঁধার নামলেই শ্রমিকরা পুনরায় কাজ শুরু করছে। সকালে গিয়ে দেখা যাচ্ছে চরের বড় একটি অংশ নতুন করে দখল হয়ে গেছে।

বাজারের ব্যবসায়ীরা জানান, চরের এই জমি দখল হয়ে গেলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং বর্ষা মৌসুমে বাজারে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন: “আমরা দিনের বেলা বাধা দিচ্ছি, কাজ বন্ধ হচ্ছে। কিন্তু রাত হলেই সব পাল্টে যায়। প্রশাসনের নজরদারি না থাকার সুযোগে তারা দ্রুত কাজ শেষ করতে চাইছে। আমরা এর স্থায়ী সমাধান চাই।”

এই অবৈধ দখলদারিত্ব বন্ধে এবং সরকারি সম্পদ রক্ষায় স্থানীয় জনগণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। এলাকাবাসীর দাবি, অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।