মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নতুন একটি ইউনিয়ন— বরিশল ইউনিয়ন—সংযুক্ত হওয়ায় এলাকার প্রশাসনিক ও উন্নয়ন কাঠামোতে নতুন দিগন্তের সূচনা হলো। বরিশল, কোড্ডা, চান্দি, শ্যামনগর, বৈষ্ণবপুর ও কোড়াবাড়ি নিয়ে গঠিত এই ইউনিয়নটি যুক্ত হওয়ার ফলে আখাউড়া উপজেলায় ইউনিয়নের সংখ্যা পাঁচ থেকে বেড়ে দাঁড়ালো ছয়ে।
আখাউড়া ও কসবা মিলে গঠিত ব্রাহ্মণবাড়িয়া -৪ নির্বাচনী এলাকায় কসবায় রয়েছে দশটি ইউনিয়ন পরিষদ। আর তুলনামূলকভাবে ছোট আকারের কারণে আখাউড়া দীর্ঘদিন ধরেই বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কিছুটা অবহেলিত ছিল—এমন মন্তব্য এলাকাবাসীর।
স্থানীয় সরকারকে শক্তিশালী করার স্বপ্ন—আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার উদ্যোগে নতুন ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া আখাউড়ার অবকাঠামো শক্তিশালী ও প্রশাসনিক পরিধি বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
স্থানীয় সরকারের ক্ষমতাকে আরও বিকেন্দ্রীকরণ ও জনবান্ধব কাঠামো নির্মাণের অংশ হিসেবে তিনি সম্প্রতি স্থানীয় সরকার বিভাগে বরিশল ইউনিয়ন প্রতিষ্ঠা ও আখাউড়ায় সংযুক্তির জন্য আনুষ্ঠানিক আবেদন করেন।
সরকার তার আবেদনের প্রেক্ষিতে বরিশল ইউনিয়নের প্রতিষ্ঠা ও আখাউড়ায় অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন জারি করে—যা আঞ্চলিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
মনোনয়ন না পেলেও থেমে নেই উন্নয়ন: কবীর আহমেদ ভূঁইয়ার নিরলস পদক্ষেপ
মনোনয়ন বঞ্চিত হয়েও কসবা-আখাউড়ার সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে আরও বেশি সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়াকে।
তার উদ্যোগে ইতোমধ্যে—
কসবা ও আখাউড়া—দুটি স্টেডিয়াম নির্মাণের অনুমোদন পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ১০০টি ইউনিয়নে ১০০টি খেলার মাঠ নির্মাণের প্রস্তাব সরকারের নিকট জমা দিয়েছেন, যাতে যুবসমাজ ক্রীড়ার মাধ্যমে সুস্থ জীবনযাপনে উৎসাহিত হয়।
পরিবেশ সংরক্ষণে মনোযোগী হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাধ্যমে একটি বৃহৎ বনায়ন প্রকল্পের অনুমোদন করিয়েছেন।
আখাউড়া এলাকার দীর্ঘদিনের অপেক্ষিত জাঙ্গালের ব্রিজের অনুমোদন বাস্তবায়নের পথে নিয়ে এসেছেন।
জনগণের যাতায়াত সহজ করতে বহু গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ ও সংস্কারের অনুমোদন করিয়েছেন।
এক কথায়, রাজনৈতিক আনুষ্ঠানিকতা যাই থাকুক—উন্নয়ন থেকে তিনি সরে দাঁড়াননি।
“আমি আগে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো”—মানুষের পাশে থাকার অঙ্গীকার
জনগণের উদ্দেশে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেন—
“বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম পরিকল্পনা হলো একটি আধুনিক, সমৃদ্ধ ও মর্যাদাবান রাষ্ট্র গঠন। দলের একজন কর্মী এবং এই মাটির সন্তান হিসেবে আমি আমার দায়িত্ববোধ থেকেই মানুষের জন্য কাজ করছি। আমি আগে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি।”
আখাউড়ার উন্নয়ন এখন নতুন সম্ভাবনার দোরগোড়ায় নতুন বরিশল ইউনিয়নের সংযুক্তি আখাউড়া উপজেলার প্রশাসনিক ও সেবামূলক কাঠামোকে শক্তিশালী করবে বলে স্থানীয়দের প্রত্যাশা। পাশাপাশি ক্রীড়া, অবকাঠামো, পরিবেশ ও সামাজিক খাতে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার উদ্যোগগুলো ব্রাহ্মণবাড়িয়া -৪ এর উন্নয়নযাত্রাকে আরও এগিয়ে দেবে।
বিশেষজ্ঞরা মনে করেন, স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ দেশের সার্বিক বিকেন্দ্রীকরণ, অংশগ্রহণমূলক উন্নয়ন এবং টেকসই প্রশাসনিক কাঠামো গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।