জজ মিয়া সুতিয়ারা থেকে : ব্রাহ্মণবাড়িয়ার সুতিয়ারা গ্রামে গ্যাস উত্তোলনের সুফল পুরো দেশ পেলেও স্থানীয় বাসিন্দারা গ্যাস ও কর্মসংস্থানের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছেন—এমন জোরালো দাবি নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে সুতিয়ারা মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে গ্রামবাসীর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
মাও. আক্তার হোসেন সাদেকী’র সভাপতিত্বে সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মো. আলমগির খান, শেখ মো. দুলাল, হীরন সরদার, সাবেক মেম্বার আবদুল্লাহ মেম্বার, সিরাজুল ইসলাম, জামাল উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সুতিয়ারা এলাকায় গ্যাস উত্তোলনের মাধ্যমে জাতীয় চাহিদার একটি বড় অংশ পূরণ করা হচ্ছে। অথচ যে মাটির বুক থেকে এই সম্পদ আহরণ করা হয়, সেখানকার বাসিন্দারাই গ্যাস সংযোগ ও মৌলিক অধিকার থেকে উপেক্ষিত। বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, গ্যাস উত্তোলিত অঞ্চলের মানুষদের গ্যাস প্রাপ্তি এবং স্থানীয় যুবকদের গ্যাসক্ষেত্রে চাকরি অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী অধিকার আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, গ্যাসক্ষেত্র অধ্যুষিত এলাকার জনগণের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত আন্তরিক পদক্ষেপ নেওয়া জরুরি।