এইচ এম জাকারিয়া জাকির, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রী পাড়া আখড়াবাড়িতে আর্তমানবতার সেবায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে আটটায় ‘কালাইশ্রী পাড়া প্রতিবেশী ঐক্য ফোরাম’-এর উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ও ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের প্রতিটি গ্রাম ও মহল্লায় এ ধরনের ‘প্রতিবেশী ঐক্য ফোরাম’ গঠন করা উচিত। এর মাধ্যমে প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় থাকে এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানো সহজ হয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জাবেদ রহিম বিজন, সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব। আল আমিন শাহিন, সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। এইচ.এম. জাকারিয়া জাকির, নির্বাহী সম্পাদক, জনতার খবর।
এছাড়াও উপস্থিত ছিলেন এনটিভির শিহাব উদ্দিন বিপু, এসএ টিভির পলাশ, আর টিভির পায়েলসহ স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রতিবেশী ঐক্য ফোরামের স্বেচ্ছাসেবকগণ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান লিমন। আয়োজকরা জানান, কনকনে শীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে সুরক্ষা দিতে উক্ত অনুষ্ঠানে প্রায় চার শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। সংগঠনের এমন মানবিক উদ্যোগে এলাকায় সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।