অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর এলাকায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও একটি কাভার্ডভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে র্যাব-৯ সিলেট সিপিসি-১ এর একটি বিশেষ দল কসবা কামালপুর পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সামনে সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১ হাজার ৯০৫ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৩৯ হাজার টাকা।
অভিযানকালে কসবা উপজেলা কায়েমপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাহিদ হোসেন (২৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে মঈন সরকার (২৫) নামে দুই জনকে আটক করা হয়েছে।
এ সময় শাড়ি বহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।
এ ঘটনায় কসবা থানা-তে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫ বি(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৪, তারিখ ২৬ জুন ২০২৬।
সীমান্তপথে অবৈধ পণ্য চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানান।