আশুগঞ্জে ২১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 8 May 2026, 2 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা হাইলাক্স ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। পুলিশের দেওয়া তথ্য থেকে জানা যায়, শুক্রবার (৮ মে) ভোর পৌনে ৫টার দিকে আশুগঞ্জ থানা পুলিশ উপজেলার বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রথম অভিযান চালালে চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি হাইলাক্স গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তাতে তল্লাশি করে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে থানা পুলিশ টোলপ্লাজা এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করলে একটি সাদা রঙের প্রাইভেটকার থেকে ৩০ কেজি গাঁজাসহ রহমত আলী সুজন (৩৪) নামে এক মাদক কারবারি কে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত সুজন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বড়াইল গ্রামের রুস্তম আলীর ছেলে। এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম জানান, মাদকসহ এ গ্রেফতারের ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।