মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বিভিন্ন মাদকদ্রব্যসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল বাজার অবস্থানকালে গত ৩ জানুয়ারি আনুমানিক রাত ২২.৩০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর বাগানবাড়ি মোঃ খোকন মিয়ার বসত ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, তার কাছে বিভিন্ন মাদকদ্রব্য রয়েছে। পরে তার বসতঘরে তল্লাশি করে ঘরের টিনের সিলিংয়ে বিশেষ কায়দায় তৈরি করা চেম্বারের ভিতর থেকে ১টি কাপড়ের ব্যাগে রক্ষিত ৯টি ক্যান বিয়ার, ১৮ বোতল বিদেশী মদ, ৩৮ বোতল ইসকফ সিরাপ এবং ১টি সাদা পলিথিনের ভিতর থেকে ১৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন – মোঃ খোকন মিয়া (৪৫), পিতা- মোঃ ফরিদ মিয়া, কাশিনগর, বিজয়নগর, ব্রাহ্মনবাড়িয়া।
গ্রেফতারকৃত ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর
গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।