অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের যমুনা গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন উপজেলা প্রশাসন। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং নগদ ১ লাখ ১১ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) রাতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তি হলেন যমুনা গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে মো. মামুন (২৯)।
উপজেলা প্রশাসন জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মামুনের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা, মাদক সেবনের সামগ্রী এবং নগদ ১ লাখ ১১ হাজার ৬৭০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতাও প্রয়োজন।