শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপীনাথপুর শাখায় কর্মরত উত্তরা ব্যাংক লিমিটেড পিএলসি শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলামের (৪৫) উপর সন্ত্রাসী হামলা করে তাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকাল ৫ ঘটিকার সময় এসোসিয়েশন অব ব্যাংকার্স ব্রাহ্মণবাড়িয়া (এবিবি) এর উদ্যোগে জেলা শহর ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ব্যাংক কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কালীন সময়ে একজন ব্যাংক কর্মকর্তাকে এইভাবে প্রকাশ্যে আক্রমন করে হত্যা করা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পাশাপাশি তারা প্রশাসনের কাছে সকল ব্যাংকারদের নিরাপত্তা নিশ্চিত করাসহ এই খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ শরিফুল হক, কৃষি ব্যাংক কর্মকর্তা ইউসুফ শাম সোহেল, আল বারাকা ব্যাংক কর্মকর্তা নেয়ামত উল্লাহ,
আল বারাকা ব্যাংক কর্মকর্তা মৌলানা আনিস চৌধুরী, ইসলামী ব্যাংক কর্মকর্তা মুফতি নজরুল ইসলাম, মিউচুয়াল ব্যাংক কর্মকর্তা মিজানুল হক, ব্যাংক এশিয়ার কর্মকর্তা মাহবুবুর রহমান, অগ্রণী ব্যাংক কর্মকর্তা শফিউর রহমান, রূপালী ব্যাংক কর্মকর্তা মোফাজ্জল হক, সোনালী ব্যাংক কর্মকর্তা সহিবুর রহমান, জনতা ব্যাংক কর্মকর্তা হুসাইন আল ফারুক, জনতা ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান সুমন ও এবি ব্যাংক কর্মকর্তা আল মাসুদ বক্তব্য রাখেন। উল্লেখ্য,
আরিফুল ইসলামের গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়। তিনি গোপিনাথপুরে উত্তরা ব্যাংক পিএলসি শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় গত সোমবার (৬ জুলাই) রাতে কসবার গোপীনাথপুর বাজারে আরিফুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে মঙ্গলবার (৭ জুলাই) তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের আলী হোসেনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।