ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া, 15 May 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা প্রবাস ফেরত দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) বিকেল ৩ঃ৩০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমীন (২৫) ও একই এলাকার শাহেদ আলীর ছেলে শাহ আলম (৩০)। তারা দুজনই একসময় মধ্যপ্রাচ্য প্রবাসী ছিলেন। জিয়াউল আমীন সৌদি আরব এবং শাহ আলম এক সময় সংযুক্ত আরব আমিরাতে কর্মরত থাকলেও বর্তমানে তারা বিদেশ ফেরত বলে জানা যায়। এই ঘটনায় তাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে সরাইল খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু তাহের জানান, জিয়াউল আমীন ও শাহ আলম দুজনেই মোটরসাইকেলযোগে আশুগঞ্জ থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে সরাইলের দিকে যাচ্ছিলেন। পথে তারা ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মালবাহী ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে সরাইল খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং ড্রাইভারের ফেলে যাওয়া ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। বর্তমানে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।