মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর–বিজয়নগর) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে এক ব্যাপক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৯নং ওয়ার্ডের দক্ষিণ মৌড়াইল গ্রামে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এলাকাটি সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের নিজ এলাকা হওয়ায় সভাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল হক খান রতনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক কমিশনার মো. ফারুক মিয়ার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা সহ জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বিপুলসংখ্যক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আমরা নির্বাচনে কোনো ধরনের ভোট জালিয়াতি বা অনিয়মের পথে যাবো না। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি। বিগত সরকারের আমলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর বহু চাপ সৃষ্টি করা হয়েছিল আপস করার জন্য, কিন্তু তিনি জনগণের ভোটের অধিকার রক্ষার প্রশ্নে কোনো আপস করেননি।
সভা শেষে প্রার্থী শ্যামল এলাকায় গণসংযোগ করেন। তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।