মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের ট্যাংকের পাড় এলাকায় বহুতল ভবনের লিফট ছিঁড়ে গুরুতর আহত হয়েছে এক স্কুলছাত্রী। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা স্কুলছাত্রী এখন ঢাকায় চিকিৎসাধীন। অভিযোগ উঠেছে, পুকুর ভরাট করে অবৈধভাবে নির্মিত এই ভবনটি
শহরের ট্যাংকের পাড় এলাকার পুকুরের পশ্চিম পাড়ে অবস্থিত ফ্রেন্ডস টাওয়ারে গত ১৬ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে এই ভবনের লিফটের তার ছিঁড়ে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা। এতে রুহা রহমান নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়। সে শহরের সূর্যমুখী কিন্ডারগার্টেনের শিক্ষার্থী। দুর্ঘটনার পরপরই রুহাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
গুরুত্বর আহত রুহা রহমানের বাবা মোকলেস রহমান জানান, আমার মেয়ের অবস্থা খুবই খারাপ। ব্রেইনে রক্তক্ষরণ হয়েছে, মাথার হাড় ভেঙে গেছে এবং নাকের পর্দাও ফেটে গেছে। ঢাকা মেডিকেল থেকে এখন ল্যাবএইডে নিয়ে যাচ্ছি আরও উন্নত চিকিৎসার জন্য। ডাক্তাররা এখনো চূড়ান্ত কিছু বলতে পারছেন না।
শহরের প্রাণকেন্দ্রে পুকুর ভরাট করে গড়ে তোলা হয়েছে এই ‘ফ্রেন্ডস টাওয়ার’। ভবনটির মালিকানায় রয়েছেন প্রায় ১০ জন, যাদের অধিকাংশই পেশায় চিকিৎসক। অভিযোগ রয়েছে, ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এবং পৌরসভা বা যথাযথ কর্তৃপক্ষের তদারকির অভাব ছিল। স্থানীয়রা বলছেন, শহরজুড়ে এমন ঝুঁকিপূর্ণ ও অবৈধ ভবনের ছড়াছড়ি থাকলেও পৌর কর্তৃপক্ষ নীরব।
ভবনটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ ভাড়াটিয়ারাও। তবে মালিকপক্ষের একজন, ইমরান দাবি করেন, লিফটটি ভালো ব্র্যান্ডের। “আমাদের লিফট দেশের সবচেয়ে ভালো ব্র্যান্ড ‘ফুজি’র। অনেক দামি লিফট, নিম্নমানের কিছু ব্যবহার হয়নি।”
দামি লিফট দাবি করা হলেও কেন তার ছিঁড়ে এমন দুর্ঘটনা ঘটল, তার সদুত্তর দিতে পারেননি মালিকপক্ষ। অপরিকল্পিত নগরায়ন আর অবৈধ ভবনের ভিড়ে ব্রাহ্মণবাড়িয়া এখন অনিরাপদ নগরীতে পরিণত হয়েছে। এই দুর্ঘটনার দায় কার—ভবন মালিকের নাকি তদারকিতে ব্যর্থ পৌরসভার? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে।