ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সফিক ডাকাত ও তার বাহিনী র্যাব সদস্যদের উপর সংঘবদ্ধ হামলার ঘটনায় ১টি রামদা, ১টি চাকু ও ২টি লোহার রডসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গত ১১ মে আনুমানিক বিকাল ১৬.০০ ঘটিকায় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হয়ে বাঞ্চারামপুর উপজেলায় যাওয়ার সময় নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে পৌঁছামাত্র সন্ত্রাসী সফিক ডাকাত ও তার বাহিনীর সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে
রাস্তার উপর র্যাবের গোয়েন্দা দলের সদস্যদের মোটরসাইকেল থামিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
গোয়েন্দা দলের সদস্যরা র্যাবের পরিচয় দিলে সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং তারা র্যাব সদস্যদের একটি বাড়িতে আটকে রেখে বেধড়ক মারধর করে। পরবর্তীতে র্যাবের একটি আভিযানিক দল স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় অবরুদ্ধ র্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরই প্রেক্ষিতে উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১২ মে) আনুমানিক ভোর ৫.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় জড়িত সফিক ডাকাতের অন্যতম সহযোগী আব্দুল কাদেরসহ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিগণ হলেন – আব্দুল কাদের (৬২), পিতা- মৃত গোলাম ওয়াহেদ, মোঃ রাহিম
(২০), পিতা- নয়ন মিয়া, আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৮), পিতা- মোঃ মোসলেম মিয়া, মোঃ নূর আলম (১৬),পিতা- হুমায়ুন কবির এবং ছানোয়ারা (৪৮), স্বামী- জামাল মিয়া, সর্ব খাগাতুয়া, নবীনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এ অভিযানে র্যাব সদস্যদের উপর ন্যাক্কারজনক আক্রমণে ব্যবহৃত দেশীয় অস্ত্র ১টি রামদা, ১টি চাকু ও ২টি লোহার রড
উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে বাধা প্রদানের মত অপরাধ কার্যক্রম করে আসছিল ।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।