আশুগঞ্জে পিকাপে ৫২ কেজি গাঁজা, এক মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 14 September 2026, 31 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৫২ কেজি গাঁজাসহ মাহমুদুর রহমান সাইফুল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কমলপুর গ্রামের মোঃ খোকন মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪ ঘটিকার সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি সন্দেহভাজন পিকাপ গাড়ি (যার রেজিঃ নং ঢাকা মেট্রো ন-২০-৫৮৭৩) আটক করে এবং পরবর্তীতে পিকআপটিতে তল্লাশী চালিয়ে ৫২ (বাহান্ন) কেজি গাঁজাসহ মাদক কারবারী মাহমুদুর রহমান সাইফুলকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে। এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিকুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাহমুদুর রহমান সাইফুলের বিরুদ্ধে ইতিপূর্বে দুইটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা গেছে। তাকে গ্রেফতারের পর এ সংক্রান্তে তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করাসহ বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে অদ্যই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।