কসবায় আড়াইবাড়ী কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া, 29 September 2026, 1 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : সন্তানদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে পরিবারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঐতিহ্যবাহী আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার সেমিনার কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও আড়াইবাড়ী দরবার শরীফের গদ্দিনেশীন পীর মাওলানা মোহাম্মদ গোলাম খাবির সাঈদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. সফিকুল ইসলাম, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শেখ কামাল উদ্দিন, কসবা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন, ইসলামী ব্যাংক কসবা শাখার ব্যবস্থাপক মো. আব্দুল্লাহিল বাকী,  সাবেক পৌর কাউন্সিলর আবু ছায়েদ, আবদুল হান্নান মাস্টার, পীরজাদ শিবলি নোমানী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন; মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, সন্তানদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না; তাদের সুশিক্ষিত, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পারিবারিক শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা দিনের একটি বড় সময় শিক্ষা প্রতিষ্ঠানে থাকলেও তাদের চরিত্র, আচার-আচরণ, মূল্যবোধ ও নৈতিকতার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকেই।

তারা বলেন, অভিভাবকদের সন্তানদের পড়াশোনার খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে এবং কী ধরনের পরিবেশের সঙ্গে পরিচিত হচ্ছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা প্রয়োজন। পাশাপাশি ছোটবেলা থেকেই সন্তানদের সত্যবাদিতা, শিষ্টাচার, দায়িত্ববোধ এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে।

বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার সমন্বিতভাবে কাজ করলেই একজন শিক্ষার্থীকে আদর্শ, সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা এবং ভবিষ্যৎ জীবন গঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার প্রভাষক মো. আশরাফুল ইসলাম।

সমাবেশে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।