শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় একই পরিবারের ২ জন যাত্রী ও সিএনজি চালক নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশ্বর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক মাহবুব (৪৫), অটোরিকশা যাত্রী জোসনা বেগম (৪০) ও তার শিশুপুত্র আশরাফুল (৫)। ঘটনায় গুরুতর আহত জোসনার স্বামী কাউসার (৫০) ও কন্যা সন্তান আদিবা (৪) কে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। নিহত ও আহত যাত্রী এবং সিএনজি চালকের বাড়ী জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।
পুলিশ জানান, সকালে কসবা থেকে সিএনজি অটোরিকশায় করে স্ত্রী-সন্তানদের নিয়ে সরাইল-বিশ্বরোড যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে মহাসড়কের বিয়াল্লিশ্বর এলাকায় পেছন দিক থেকে একটি মাছভর্তি পিকআপ ভ্যান সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানচালক ও সহযোগী পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয় নাই। নিহতদের বাড়ীতে শোকের ছায়া নেমে আসে। বিকেলে ৩জনকে একই সাথে জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাদেরকে দাফন করা হয়।