নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: মাত্র ৩০ টাকার লটারি টিকিটে একটি অত্যাধুনিক স্মার্ট বাইসাইকেল জিতে নিলেন জামালপুরের মাহাদী হাসান শ্রাবণ। গতকাল ২৩ মে (শনিবার) ব্রাহ্মণবাড়িয়ার সানরাইজ কিন্ডারগার্টেন বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে এই রেফাল ড্র অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। সানরাইজ কিন্ডারগার্টেন বিদ্যালয়ের সভাপতি আলী আজমল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করা হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ব্রাহ্মণবাড়িয়া তিতাস সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাজ্জাদ হোসেন জামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা, পথশিশুদের জননী এবং ‘ক্ষুদে পণ্ডিতদের পাঠশালা’র পরিচালক ও প্রধান শিক্ষক কোহিনূর আক্তার প্রিয়া। তিনি তার বক্তব্যে এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং শিশুদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের ওপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেটিভি (Ktv) ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক ও কবি নাজমুল। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘৩০ টাকার স্মার্ট বাইসাইকেল’ রেফাল ড্র। ড্র-এর চূড়ান্ত মুহূর্তে লটারির মাধ্যমে মহাভাগ্যবান বিজয়ী হিসেবে উঠে আসে জামালপুরের মাহাদী হাসান শ্রাবণ-এর নাম। মাত্র ৩০ টাকার টিকিটে আকর্ষণীয় স্মার্ট বাইসাইকেলটি জিতে নেওয়ায় তার আনন্দের সীমা ছিল না। প্রধান পুরস্কার স্মার্ট বাইসাইকেল ছাড়াও উপস্থিত দর্শকদের জন্য লটারির মাধ্যমে আরও ১০টি আকর্ষণীয় সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, সানরাইজ কিন্ডারগার্টেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।