বিজয়নগরে আন্তজেলা ডাকাত সর্দার বাবুল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 21 September 2026, 2 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত দলের সদস্য, ১৮ মামলার পলাতক আসামি ডাকাত সর্দার বাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলার চম্পকনগর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ডাকাত সর্দার বাবুল মিয়া উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বাবুল ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৮টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। সে এসব মামলায় দীর্ঘদিন যাবৎ পলাতক অবস্হায় ছিলো। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, তাকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে বিজয়নগর থানায় নতুন মামলা রুজুসহ আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।