অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৬০ কেজি গাঁজাস পিকআপ জব্দ করে মাদক পরিবহনের অভিযোগে পিকআপের চালককে আটক করা হয়। সঙ্গীয় অপর দুই/তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়।
রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে কসবা থানার বিনাউটি ইউনিয়নের হাজীপুর গ্রামের মাহফুজ মিয়ার বাড়ির সামনে কদমতলী-সৈয়দাবাদ সড়কপথে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. নাজমুস সাকিবের সার্বিক তত্ত্বাবধানে এবং কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে একটি পিকআপ তল্লাশি করে ৩৬০ কেজি গাঁজা, দু’টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দীঘিরপাড় গ্রামের মো: শফিক ও রুবি আক্তারের ছেলে পিকআপচালক মো. শাকিল (৩০)কে আটক করা হলেও সঙ্গীয় অপর ২/৩ জন পালিয়ে যায় বলে পুলিশ দাবি করেন।
কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ জানান, উদ্ধারকৃত গাঁজা, পিকআপ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।