নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কোর্ট রোড ব্যবসায়ী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে সাবেক কমিটি বিলুপ্ত করে হাজী নজরুল ইসলামকে সভাপতি এবং নূরে আলম স্বপনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কোর্ট রোডস্থ পিয়ারা মিয়া টাওয়ারে শামীম আহমেদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন হাজী নজরুল ইসলাম। সভার শুরুতে বিগত সময়ে মৃত্যুবরণকারী ব্যবসায়ীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভায় ব্যবসায়ীরা কোর্ট রোডের বিভিন্ন সমস্যা ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বক্তব্য দেন। এ সময় ফুটপাত দখলমুক্ত করা, হকারমুক্ত পরিবেশ নিশ্চিত করা, যানজট নিরসন, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সুপেয় পানির ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুরো কোর্ট রোডকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উল্লেখিত সমস্যাগুলো দ্রুত সমাধানে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
নবনির্বাচিত সভাপতি হাজী নজরুল ইসলাম বলেন, “আগামীকাল থেকেই কমিটির সকল সদস্যের সহযোগিতা নিয়ে ফুটপাত দখলমুক্ত ও হকারমুক্ত করার কার্যক্রম শুরু করা হবে। কোর্ট রোডের ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূরে আলম স্বপন বলেন, “কোর্ট রোড একটি সমৃদ্ধ ও সুনামধন্য ব্যবসায়িক এলাকা। শহরের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে দীর্ঘদিন ধরে এখানকার ব্যবসায়ীরা তাদের সুনাম অক্ষুণ্ণ রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখানে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ীদের আন্তরিকতা ও সহযোগিতায় যেভাবে কোর্ট রোড ব্যবসায়ী কমিটি পরিচালিত হয়ে এসেছে, আমরা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবো। পাশাপাশি ক্রেতা ও বিক্রেতা উভয়ের সুযোগ-সুবিধা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
নতুন কমিটি কোর্ট রোডের ব্যবসায়িক পরিবেশ আরও সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল করতে কার্যকর ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ীরা।