অশ্রুসিক্ত ভালোবাসায় বিএনপি নেতা হারুন অর রশিদের বিদায়

ব্রাহ্মণবাড়িয়া, 20 June 2026, 3 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানান কৃতিকর্ম, তিক্ত মধুর স্মৃতি,শুভাকাঙ্ক্ষী ও ছেলে-মেয়ে, স্বজনসহ হাজারো নেতাকর্মী ও সাধার মানুষের শ্রদ্ধা, আবেগ, ভালোবাসা ও অশ্রুসিক্ত নয়নের জলকে পেছনে ফেলে তিতাস পাড়ের প্রবীণ রাজনীতিবিদ,বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ব্রাহ্মণবাড়িয়া -৩ (সদর ও বিজয়নগর) আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান,সাবেক চীফ হুইপ এডঃ হারুন আল রশিদ অবশেষে অনন্ত যাত্রার পথে বিদায় নিলেন। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তার সর্বশেষ জানাযা শেষে তাকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ঐতিহ্যবাহী শেরপুর গোরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়। এডঃ হারুন অর রশিদ গত বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্য জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে গত শুক্রবার (২৯ জুন) বেলা ১১টায় এই মরহুম রাজনীতিবিদের প্রথম জানাজার নামাজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। এদিন বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় জানাজার নামাজ। যেখানে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। অতঃপর আজ শনিবার (২০ জুন) তাকে তার নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হলে দুপুরে বাদ জোহর নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার
সর্বস্তরের মানুষ, জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের অংশগ্রহণে তার তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয় নেতার জানাজা কে কেন্দ্র করে পূর্ব নির্ধারিত সময়ের আগে সকাল থেকেই বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষ জানাজা মাঠকে কেন্দ্র করে জড়ো হতে থাকেন। এসময় মাঠ ও আশপাশের এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। সবার মাঝে বিরাজ করে এক শোকাবহ পরিবেশ। নেতাকর্মীরা তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে নানান স্মৃতিচারণ করে বক্তব্য প্রদান করেন। এসময় ব্রাহ্মণবাড়িয়া- ৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, নবীনগর – ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবদুল মান্নান, নাসিরনগর- ১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ আবুসাঈদ, পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম (সিরাজ)সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সাধারণ মানুষসহ সকল পর্যায়ের হাজার হাজার মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।