ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি

ব্রাহ্মণবাড়িয়া, 30 April 2026, 5 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঠিকাদারের হামলায় শিকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। ২৩ এপ্রিল এলজিইডির প্রধান প্রকৌশলীর পক্ষে তত্বাবধায়ক প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান আদেশে প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামকে জামালপুরের দেওয়ানগঞ্জে বদলি করা হয়।
এর আগে, সড়কের নিম্নমানের কাজের অভিযোগ পেয়ে ১৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেরকুটা জিসি থেকে শিবপুর বাজার আরঅ্যান্ডএইচ সড়ক পরিদর্শন করতে যান এলজিইডির প্রকৌশলীদের একটি দল। সে সময় তাদেরকে বাধা দেন ঠিকাদার লোকমান। তিনি উপ-সহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামকে বাঁশ নিয়ে ধাওয়া করেন। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এদিন সন্ধ্যায় নবীনগর থানায় মামলা করেন মীর্জা মো. তরিকুল ইসলাম। তবে এ মামলায় প্রধান আসামি লোকমান হোসেন এখনো ধরা পড়েননি ১৭ দিনেও। গ্রেফতার করা হয়েছে তার গাড়িচালক বিল্লাল হোসেন ও ম্যানেজার ফোরকানকে।
উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের কার্যাদেশ পায় রাজশাহীর মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে সড়কটির নির্মাণকাজ করছিলেন ঠিকাদার লোকমান হোসেন। কিন্তু সড়কটি নির্মাণে নিম্নমানের কাজ হচ্ছে বলে স্থানীয় পর্যায়ে অভিযোগ ওঠে।