কসবায় যথাযথ মর্যাদায় মৎস্য পক্ষ পালিত

ব্রাহ্মণবাড়িয়া, 16 August 2026, 2 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন : জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এ বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলামের নেতৃত্বে র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: তানজিল কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপসহকারী মৎস্য কর্মকর্তা (সম্প্রসারণ) মো. শিহাবুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মৎস্যচাষীরা। এছাড়াও র‌্যালিতে অংশ নেন কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির আহমাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, কসবা প্রেসক্লাব সভাপতি মো: আবুল খায়ের স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কসবা উপজেলা শাখার নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামীম রেজা, সাংবাদিক ফোরামের সভাপতি মো. সবুজ খান জয়, জিয়া সাইবার ফোর্স কসবা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রাজু আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি আধুনিক ও টেকসই মৎস্যচাষ সম্প্রসারণ এবং জলজ সম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।