অধ্যাপক শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার পথ বেছে নিলেন জনৈক আইনজীবী।
সোমবার (১৩ জুলাই) সকালে পৌরসভার শাহপুর গ্রামে এই ঘটনা ঘটে। এডভোকেট মনোয়ার হোসেন দীপু (৩৬) শাহপুর গ্রামের মো: আলমগীর হোসেনের ছেলে। তিনি ব্রাহ্মণাবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে সোমবার সকালে উপজেলার শাহপুর গ্রামের নিজ বাড়িতে ঘরের তীরের সাথে গামছা বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এডভোকেট মনোয়ার হোসেন। পরিবারের লোকজন দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায় কসবা থানা পুলিশ। তিনি কসবা পৌরছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও আইন বিষয়ক সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে পরিবার, গ্রামবাসী ও তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কসবা থানা অফিসার ইনচার্জ আলী মুহম্মাদ রাশেদ জানান, পৌরসভার শাহপুর গ্রামে একজন আইনজীবী পারিবারিক কলহে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।