ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযান: বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়া, 27 December 2025, 182 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালিয়ে রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি ও ছোরাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর, ২০২৫) রাতে এই অভিযানে মোঃ রুবেল (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ডিবির একটি চৌকস দল সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় বাকাইল গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রামের মিজান টাওয়ার সংলগ্ন একটি বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ওই বাড়ির ভেতর থেকে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় দুটি বড় রামদা, একটি চাইনিজ কুড়াল, দুটি ধারালো চাপাতি, চারটি বিভিন্ন আকারের ছোরা এবং দুটি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্লিংশটসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে বাড়ির মালিক মোঃ রুবেলকে (৩৮) গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
তিনি ওই গ্রামের মৃত হাজী আব্দুল আলীমের ছেলে।
ডিবি পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।