ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্যসম্পদ সংরক্ষণে লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া, 23 July 2026, 4 বার পড়া হয়েছে,

নিজস্ব প্রতিবেদক : মৎস্যসম্পদ সংরক্ষণ ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ায় লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে  বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় জেলা শহরের গোকর্ণঘাট বাজার, তিতাস নদীর ঘাট এলাকা ও স্থানীয় জেলে পল্লী এবং গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ডিমওয়ালা মা মাছ, পোনা মাছ ও নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে মৎস্যসম্পদ রক্ষা, অবৈধ মাছ আহরণ বন্ধ ও পরিবেশবান্ধব মাছ চাষ বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহামেদ, সোহেল রানা ভূইয়া, মাহফুজুর রহমান পুষ্প, আব্দুল হেকিম, বাচ্চু মিয়া, মোশারফ হোসেন, হারুন মিয়া, মোবারক মিয়া, আক্তার হেসেনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি করতে হলে ডিমওয়ালা মা মাছ এবং পোনা মাছ সংরক্ষণের কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জনসচেতনতার তৈরী করতে হবে। এ লক্ষ্যে মৎস্য অধিদপ্তর নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কয়েকজন জেলে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মৎস্য সম্পদ রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা পেলে তারা তা মেনে চলবেন। তারা বলেন,আমরাও চাই দেশের সম্পদ রক্ষা হোক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাছের উৎপাদন বৃদ্ধি পাক।
তবে তারা অভিযোগ করে বলেন, কিছু অসাধু জেলে এখনও পোনা মাছ আহরণ ও বিক্রি করে থাকে, যা মাছের উৎপাদনের জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহামেদ বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও পুষ্টি নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই এ সম্পদ রক্ষায় জনগণকে সম্পৃক্ত করে এবং তিতাস নদীসহ খাল- বিল থেকে মাছ ধরার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন পোনা জাতীয় ছোট মাছ ধরা না হয়। এ বিষয়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করতে হবে।