মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় পুনিয়াউটস্থ এলাকার জেলা বিএনপির সভাপতির কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক মুমিন ও যুগ্ম সম্পাদক মাইনুল হাসান চপল। সভায় খালেদা জিয়ার নানা গুণ ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।
খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সকাল থেকেই দলের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভীড় শুরু হয়।পরে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মাধ্যমে রূহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া করা হয়।
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন, আপসহীন নেত্রী। গণতন্ত্রের সংকটকালে তিনি নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন।
তার চলে যাওয়া দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তিনি জানান, জেলা বিএনপির পক্ষ থেকে সাত দিনব্যাপী কোরআন খতম, গণঅভিমত গ্রহণ, দোয়া ও নানা কর্মসূচি পালিত হবে।