শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ভারতে পালিয়ে যাওয়ার সময় আশুলিয়া থানায় দুটি হত্যা মামলার আসামী ইদ্রিস আলী (৪০) নামক এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে। ইদ্রিস আলী আশুলিয়ার জামপাড়া গ্রামের আলী আহাম্মদের ছেলে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের পর আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আখাউড়া ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মোঃ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ইমিগ্রেশন পুলিশ সূত্র থেকে পাওয়া খবরে জানা যায়, আটক হওয়া অভিযুক্ত ইদ্রিস আলী মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে, তার ছোট বোন ও ভাগিনাকে সঙ্গে নিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। সে সময় নিয়ম মাফিক
ইমিগ্রেশনে কাগজপত্রে তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের সময় দেখা যায়, ইমিগ্রেশন পাসিং হতে চাওয়া ইদ্রিস আলীর বিরুদ্ধে ঢাকার আশুলিয়া থানায় ৫ আগস্টের পর একাধিক হত্যা মামলা রয়েছে। বিষয়টি অবগত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে এবং আখাউড়া থানায় হস্তান্তর করে। তবে তার সাথে থাকা বোনের বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, আটক হওয়া ইদ্রিস আলীর বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্যসহ ছাত্র-জনতার ওপর সংঘবদ্ধভাবে হামলার অভিযোগ, এবং তার নিজ এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আধিপত্য বিস্তারসহ দুর্নীতির অভিযোগ রয়েছে। তাকে আটক ও থানায় হস্তান্তরের ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা তানভীর আহমদ জানান, গ্রেপ্তারের পর ইদ্রিস আলী বর্তমানে আমাদের থানা হেফাজতে রয়েছেন। তাকে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।