অধ্যাপক শেখ কামাল উদ্দিন,কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিলঘর গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন তিন শতাধিক মানুষ। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।
চিকিৎসা কার্যক্রমে বিনামূল্যে চক্ষু পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, চশমার পাওয়ার নির্ধারণ, ছানি রোগী শনাক্তকরণ এবং অপারেশনযোগ্য রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন ও চোখে লেন্স সংযোজনের ব্যবস্থা করা হয়। গ্রামীণ জনপদে এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন সেবা গ্রহণকারীরা।
কসবা উপজেলার কুটি ইউনিয়ন ও কসবা পশ্চিম ইউনিয়নের বিলঘর, পানিয়ারুপ, আকছিনা, গোবিন্দপুর, মাইজখারসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ এই চিকিৎসা সেবা গ্রহণ করেন।
সকাল ৯টায় চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্যোক্তা সাংবাদিক মো. এমদাদুল হক সোহাগ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য কবির আহমেদ, বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউল হোসেন, ব্যবসায়ী সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) ফেরদৌস ওয়াহিদ, প্রোগ্রাম অফিসার মো. শাহ জাহান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জমশেদ মিয়া, বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ মো. নুরুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ তোফাজ্জল আলী, সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, ব্যবসায়ী সার্জেন্ট (অব:) মো. হুমায়ুন কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে মহৎ কাজ আর হতে পারে না। গ্রামের অনেক মানুষ সময় ও অর্থাভাবে চোখের চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে ছানি অপারেশন ও লেন্স সংযোজন অনেকের জন্য ব্যয়বহুল। এই ধরনের উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের জন্য বড় আশীর্বাদ।
জানা গেছে, প্রাথমিক বাছাই শেষে প্রায় ৩৫ জন রোগীকে ছানি অপারেশন ও চোখে লেন্স সংযোজনের জন্য কুমিল্লার আলেখারচর চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।
চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজক বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ও সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এমদাদুল হক সোহাগ বলেন, এবার নিয়ে তৃতীয়বারের মতো এই বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজন করা হলো। এ বছরও সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, ছানি অপারেশন ও লেন্স সংযোজন করা হবে।
তিনি আরও জানান, অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি, কুমিল্লা এই কার্যক্রম বাস্তবায়ন করছে।