কসবায় ফার্মেসিতে উপজেলা প্রশাসনের অভিযানে অর্থদণ্ড প্রদান

ব্রাহ্মণবাড়িয়া, 17 June 2026, 2 বার পড়া হয়েছে,

শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঔষধের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে পাঁচ ঔষধ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ভেতরে ও আশপাশের ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। এতে ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন; সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানজিল কবির। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, জেলা ঔষধ প্রশাসনের আবেদনের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফার্মেসীগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ৫ টি ফার্মেসীকে ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এসব কর্মকান্ডে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: তানজিল কবির জানান, জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে ঔষধ সংরক্ষণের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে উপজেলাব্যাপী এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে এবং এসব বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।