আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া, 21 October 2026, 22 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শাহীন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের উত্তরে কুমারপাড়া রেলক্রসিং সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত শাহীন মিয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের মৃত ফয়েজ ব্যাপারির ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছানোর আগে শাহীন রেললাইনে শুয়ে যান। ট্রেনের চালক হর্ন বাজিয়ে তাঁকে সতর্ক করলেও তিনি সরে যাননি। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, ট্রেনটি কাছে আসার সময় তিনি দৌড়ে গিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত কেবিন স্টেশন মাস্টার মুনতাসির মামুন মানিক লিখিত বার্তার মাধ্যমে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুদ্দুস হাওলাদার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।