আড়াইবাড়ী কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সবক অনুষ্ঠান

শিক্ষাঙ্গন, 24 September 2026, 23 বার পড়া হয়েছে,

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আলাউদ্দিন ভূইয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন বরণ ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য পীরজাদা মাও. গোলাম কবির সাঈদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে নবাগত আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পীরজাদা মাও. গোলাম কবির সাঈদী নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের প্রতি সম্মান এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম বলেন, শিক্ষাজীবনের নতুন অধ্যায়ে নবাগত শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা ও সততার সঙ্গে এগিয়ে যেতে হবে। মাদ্রাসার সুনাম ও ঐতিহ্য অক্ষুণ্ন রেখে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকরা সর্বাত্মক সহযোগিতা করবেন।
এ সময় মাদ্রাসার উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা নবাগত শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকা, মনোযোগ সহকারে পড়াশোনা করা, নৈতিক চরিত্র গঠন এবং শিক্ষকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। বক্তারা বলেন, জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়েই একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, নবাগত আলিম শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি, মাদ্রাসা ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।