শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে একটি নবনির্মিত ছয়তলা নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে তিনি এই নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন। উক্ত কলেজের সহযোগী অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম এবং সহকারী অধ্যাপক সৈয়দা মারজিয়া শবনম এর সঞ্চালনায় ও কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম । অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সদস্য মাজেদুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন এবং দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুসকান ইসলাম শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন। একাডেমিক ভবন উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তার বক্তব্যে আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতে সরকারের গৃহিত পদক্ষেপের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তব্য রাখেন। তিনি বলেন, আমি মনে করি নবনির্মিত এই একাডেমিক ভবন তৈরি হওয়ার ফলে শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং এই একাডেমিক ভবন নিঃসন্দেহে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ নবনির্মিত একাডেমিক ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে পর্যবেক্ষণ করেন এবং শিক্ষা কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন।