ব্রাহ্মণবাড়িয়ায় হারিয়ে যাওয়া শিশু সিনথিয়া পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া, 19 February 2026, 40 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হারিয়ে যাওয়া (আনুমানিক ৪ বছর) বয়সী মেয়ে শিশু সিনথিয়া অবশেষে তার পরিবারের কাছে ফিরে গেছে।

মানবিক উদ্যোগে উদ্ধার ও পরিচয় শনাক্তের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তাকে স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর উদ্যোগে উদ্ধার হওয়া শিশুটি ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকার বাসিন্দা মো. শাহ আলমের মেয়ে সিনথিয়া।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টার দিকে সিনথিয়াকে তার মা আম্বিয়া খাতুন চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরের নিউ ল্যাব এইড হাসপাতালে নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. আব্দুর রাজ্জাকের কাছে নিয়ে যান। চিকিৎসা শেষে তারা হাসপাতালের সিটি স্ক্যান রুমে এক আত্মীয়ের কাছে গেলে সবার অজান্তে সিনথিয়া সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় এবং একপর্যায়ে হারিয়ে যায়। পরবর্তীতে ট্রমা জেনারেল হাসপাতাল সংলগ্ন আল-আমিন ফার্মেসির সামনে শিশুটিকে অসহায় অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিজেদের তত্ত্বাবধানে নেয় এবং নিরাপদে রাখে। একই সঙ্গে তার পরিচয় শনাক্তে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। যথাযথ যাচাই-বাছাই শেষে বিকাল সাড়ে ৪টার দিকে সিনথিয়াকে তার পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন জানান, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা দ্রুত শিশুটিকে নিরাপদে আশ্রয় দেন এবং পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে ফিরিয়ে দেন।

এ ঘটনায় শিশুটির পরিবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সিনথিয়ার মা আম্বিয়া খাতুন বলেন, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের দায়িত্বশীল ও মানবিক উদ্যোগের কারণেই দ্রুত তাদের সন্তানকে ফিরে পাওয়া সম্ভব হয়েছে। এ জন্য তারা সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।