কসবায় দিদার হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া, 1 November 2026, 1 বার পড়া হয়েছে,

অধ্যাপক শেখ কামাল উদ্দিন: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কিশোর দিদার হোসেন (১৫) হত্যা মামলার আসামি এরশাদ মিয়া ও মাহিদ মিয়াকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী। রোববার দুপুরে নিহত দিদারের নিজ গ্রাম উপজেলার চৌবেপুর বাজার সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দাঁড়িয়ে কিশোর দিদারের কথা স্মরণ করে বাবা, দাদি ও স্বজনরা অঝরে কেঁদে ফেলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মেহারী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক স্বপন মিয়া, কাজী মানিক, শিক্ষক ইসমাইল হোসেন, আবু সাহেল, সিরাজুল ইসলাম, মহিউদ্দিন হায়দার, আব্দুল জলিল, রুবেল মিয়া, এইচ এম ইসমাইল রেজা, তুহিন রেজা, আশরাফ জুয়েল প্রমুখ।

বক্তারা বলেন, দিদার দরিদ্র পরিবারের সন্তান। সামান্য একটি বিষয় নিয়ে কথা বলে চলে যাওয়ার সময় ক্ষিপ্ত মাহিদ পেছন থেকে তার হাতে থাকা দা দিয়ে নির্মমভাবে দিদারের মাথায় কুপ দেয়। তৎক্ষনাৎ মাটিতে লুটে পড়ে দিদার। তার আর্তচিৎকার শুনে বাড়ির লোকজন এসে দ্রুত চিকিৎসা করাতে নিয়ে যান। ভাগ্যের নির্মম পরিহাস, প্রাণ রক্ষা হলো না কিশোর দিদারের। সপ্তাহ পেরিয়ে গেলেও কোন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ। দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী এলাকাবাসীর।

উল্লেখ্য, ২১ অক্টোবর দুপুরে নারিকেল পাড়াকে কেন্দ্র করে দিদার হোসেনের সাথে কথা কাটাকাটির জেরে পেছন থেকে অতর্কিত দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিবেশী মাহিদ মিয়া নামে এক তরুন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কসবা ও পরে কুমিল্লা নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন ২৩ অক্টোবর বিকেলে মারা যায় দিদার হোসেন। ওইদিন রাতে এরশাদ মিয়া ও মাহিদ মিয়াকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন নিহতের পরিবার।