নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যোগে শহরের প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি কমরেড সাজিদুল ইসলাম, জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ মো. জামাল, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, স্পিচ ভিশন বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক শাহজাহান সোহেল।
এছাড়াও বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) জেলা কমিটির সাধারণ সম্পাদক আল মামুন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের আহ্বায়ক ওমর ফারুক, ইউনেস্কো ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আমির ফারুক, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন সদর উপজেলার সাধারণ সম্পাদক সাহেদ মিয়া এবং কাজী আনিস।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া গ্যাসসমৃদ্ধ জেলা হওয়া সত্ত্বেও এখানকার আবাসিক গ্রাহকরা তীব্র গ্যাস সংকটে ভুগছেন, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। পাশাপাশি জেনারেল হাসপাতালের বর্জ্য অব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষিত হচ্ছে এবং জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে। অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
কর্মসূচি শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করা হয়।