মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ীসহ ২ জনকে আটক করা হয়েছে ।
শুক্রবার (৯ জানুয়ারি ) দুপুর ১২ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জিয়াউর রহমান।
৬০ বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী কসবায় শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চোরাচালান বিরোধী ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ী জব্দ করা হয়। এ সময় ২ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন – আনোয়ার হোসেন (৩২) ও মো. মনির হোসেন (২৬)। তারা কসবা উপজেলার দক্ষিণ চকবস্তা গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। জব্দকৃত শাড়ীর সিজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্যের আগ্রাসন থেকে দেশ ও সমাজকে রক্ষা করা বিজিবির দায়িত্ব। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সীমান্তবর্তী কসবা এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ২ জন আসামিসহ এসব অবৈধ শাড়ী জব্দ করা হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে সবরকম অবৈধ তৎপরতা ঠেকাতে তাদের অভিযান অব্যাহত থাকবে।