শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৭৫ (পঁচাত্তর) কেজি গাঁজাসহ গোলাম কিবরিয়া রবিন (২৬) ও আমিনুল ইসলাম প্রকাশ সিজান (২১) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক কারবারি গোলাম কিবরিয়া রবিন জেলার কসবা উপজেলার আতকাপাড়া ৫ নং ওয়ার্ডের মৃত লিয়াকত আলীর ছেলে এবং অপর কারবারি আমিনুল ইসলাম প্রকাশ সিজান কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মুকিমপুর (মাধবপুর) এর মোঃ শাহজাহান মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ০২ঃ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার সাব ইন্সপেক্টর সাগর হালদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ কসবা থানার কুটি ইউনিয়নের আতকাপাড়ার বোতল ফ্যাক্টরির পাশের মাঠে একটি হলুদ রঙের মিনি কাভার্ড ভ্যান, যাহার রেজিঃ নং-চট্ট-মেট্রো-ন-১১-৯৭১৮ এতে অভিযান চালিয়ে উপরে উল্লেখিত মাদক (গাঁজা) উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে এবং মাদক কারবারি দুজনকে গাঁজা বহন করার অপরাধে গ্রেফতার করে। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্হান জিরো টলারেন্স। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে এ-সংক্রান্তে কসবা থানায় একটি মাদক মামলা রুজু করাসহ যাবতীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।