কাছাকাছি – আলেয়া মান্নান

সাহিত্য, 13 August 2026, 9 বার পড়া হয়েছে,

আবার আসবো কাছাকাছি,
হয়তো বলা হবে— ভালোবাসি।
কোথাও হারিয়ে যাওয়ার আগে,
চলো দুজনে কিছু গল্প বুনে নিই।
আঁধার নামার পূর্বক্ষণে,
এসো, গোটা কতক প্রদীপ জ্বেলে নিই।

বসবে যখন মুখোমুখি রাত,
হাতের ওপর রবে দুটো হাত।
কথার স্তূপে যদি হানে আঘাত,
তার আগেই মিটিয়ে নেব সংঘাত।

যতই বলবে তুমি— ‘নেই’,
ততই আমি শোনাব— ‘আছি’।
দূরত্ব বাড়ার আশঙ্কার আগে,
নিবিড় হয়ে আসবো কাছাকাছি।

এক বুক দুঃখ নিয়ে একা,
আমায় ছেড়ে যাবে কোথায়?
খানিকটা কষ্ট পাওয়ার আগে,
চলো আনন্দটুকু ভাগ করি দুজনায়।

এই তো জীবন, হলুদ পাতার রঙ,
ঝরে পড়ে আচমকা হাওয়ায়।
তার চেয়ে এসো জড়িয়ে ধরি,
স্মৃতিরা জমুক যুগল ছায়ায়।
চলতে পারি যেন পাশাপাশি,
আবার আসবো কাছাকাছি।

চেষ্টা করতে মানা কিসে!
যদি থাকতে পারি পরস্পরের পাশে।
তুমি কি জানো না? প্রচেষ্টায় ভাগ্যও বদলায়,
মরণেও বাঁচি, কাঁদি কিংবা হাসি,
তবুও তো থাকা যায়— খুব কাছাকাছি।