মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার কলারোয়া ও সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের একটি বড় চালান প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কলারোয়া ও সদর সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে আনুমানিক ৩৬ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এ সময় পাচারকাজে জড়িত থাকার দায়ে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাতক্ষীরা বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা মাদক ও চোরাচালানমুক্ত রাখতে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।