কসবায় পৃথক অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 7 July 2026, 2 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক বিরোধী পৃথক দুইটি অভিযান চালিয়ে ১০৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য মতে, প্রথম অভিযানে থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার বায়েক ইউনিয়নের কসবা-নয়নপুর সড়কে অভিযান পরিচালনা করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। পরে ঐ ঘটনাস্থল তল্লাশি করে তার ফেলে যাওয়া ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই দিন পুলিশের আরেকটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ০৬:৩০ মিনিটের দিকে কসবা থানার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে একটি পিকআপ গাড়ি আটক করে।পরবর্তীতে পিকআপটি তল্লাশী করে ৬০ (ষাট) কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকাপসহ মোঃ মঞ্জরুল ইসলাম,পিতা- মোঃ শফিকুল ইসলাম, গ্রাম -রঘুনাথপুর ও মোঃ রিয়াজুল ইসলাম,পিতা-মোঃ ইছহাক মিয়া,গ্রাম-ধোপাগাছিনা উভয় থানা হালুয়াঘাট,জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে। এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এবং আইনানুগ ব্যাবস্থার অংশ হিসেবে অদ্যই আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।