ব্রাহ্মণবাড়িয়ায় আবাসন খাতে নতুন দিগন্ত: উদ্বোধন হলো বি-বাড়িয়া ডেভেলপারস

ব্রাহ্মণবাড়িয়া, 27 April 2026, 2 বার পড়া হয়েছে,
নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ও সংস্কৃতির ঐতিহ্যবাহী শহর ব্রাহ্মণবাড়িয়ায় আবাসন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলো বি-বাড়িয়া ডেভেলপারস।
শনিবার (২৫ এপ্রিল) কাউতলী ফুড হাটের হলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রায় চার শতাধিক মানুষের উপস্থিতিতে আবাসন শিল্পের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বি-বাড়িয়া ডেভেলপারস-এর চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া বার-এর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন। তিনি তার বক্তব্যে আধুনিক ও পরিকল্পিত নগরায়নের গুরুত্ব তুলে ধরেন এবং টেকসই উন্নয়নের জন্য সুপরিকল্পিত আবাসন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় প্রকল্প পরিকল্পনা উপস্থাপন করেন বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউটের সদস্য ও সেলটেক আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স-এর নির্বাহী পরিচালক স্থপতি সায়মা জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি-বাড়িয়া ডেভেলপারস-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ আহমেদ খান। তিনি বলেন, “পরিকল্পিত আবাসনই একটি শহরের সৌন্দর্য ও বাসযোগ্যতা নিশ্চিত করতে পারে। সেই লক্ষ্য নিয়েই আমাদের এই যাত্রা।
প্রতিষ্ঠানটির পরিচালক (এডমিন) ও সিইও মোহাম্মদ জসিম উদ্দিন আবাসন শিল্পের উন্নয়ন ও অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, “নতুন চিন্তা ও আধুনিক পরিকল্পনার মাধ্যমে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় একটি সুসংগঠিত আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চাই।
এছাড়াও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ তাসলিমুর রহমান খান, মুফতি মুহাম্মদ মকবুল হোসাইন, কোহিনুর বেগম প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর, মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আবদুল মতিন শিপন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ সৈয়দ মুহাম্মদ বাকি বিল্লাহ এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
এ সময় প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মো. আবদুল হাই, মো. নুরুল হক, মনির উদ্দিন খান মাসুম, ইসলাম উদ্দিন, মো. সেলিম ভুইয়া, মাখছুরা বেগম, মো. বাবুল মিয়াসহ অনেকে। উপস্থিত কয়েকজন অতিথি তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এমন একটি উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়ার আবাসন খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদী।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ জেলা হলেও অপরিকল্পিত নগরায়ন ও এলোমেলো নির্মাণশৈলীর কারণে শহরটি তার সৌন্দর্য হারানোর ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় বি-বাড়িয়া ডেভেলপারস উদ্ভাবনী পরিকল্পনা ও আধুনিক চিন্তাধারার মাধ্যমে আবাসন খাতে একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা যায়।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং নতুন এই উদ্যোগকে ঘিরে উপস্থিতদের মাঝে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যায়।