মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়ামুখী সংগঠন পাওয়ার অব ইউনিটি, ব্রাহ্মণবাড়িয়া-এর উদ্যোগে শুরু হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া প্রিমিয়ার লীগ (বিপিএল) সিজন-১। পবিত্র রমজান মাসজুড়ে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে জেলার ৯টি উপজেলার প্রায় ৯০ জনেরও বেশি প্রতিভাবান ক্রিকেটার অংশগ্রহণ করবেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় কলাপাতা রেস্টুরেন্ট-এ জমকালো আয়োজনে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটে A+, A, B+ ও C ক্যাটাগরির খেলোয়াড়দের নিয়ে ছয়টি দল তাদের চূড়ান্ত স্কোয়াড গঠন করে। উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে ড্রাফট অনুষ্ঠান সম্পন্ন হয়।
অংশগ্রহণকারী দলসমূহ হলো, নোমান স্মৃতি পরিষদ-শান্তিবাগ, আমরা সবাই বন্ধু, রাব্বি ওয়ারিয়র্স, লালপুর একাদশ, ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স এবং চম্পকনগর ইম্পিয়ার।
ড্রাফট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার অব ইউনিটির প্রধান উপদেষ্টা ও তৈমুর ফাউন্ডেশন-এর পরিচালক সৈয়দ তৈমুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের কোচ রুহুল কুদ্দুস শামীম, সাবেক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক মামুন খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের সাবেক অধিনায়ক ডানু বাবু, বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ শামীম ও রাসেল খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর থেকে আগত ফয়সাল এবং আখাউড়া থেকে আগত আর কে রবিন।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে পাওয়ার অব ইউনিটি, ব্রাহ্মণবাড়িয়া। আয়োজকরা জানান, সার্বিক সহযোগিতার পাশাপাশি আরও কয়েকটি প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে যুক্ত হবে।
আয়োজক কমিটির আহ্বায়ক শেখ আশিকুর রহমান পিয়াস ও সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার ক্রিকেটকে এগিয়ে নেওয়া এবং স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশে কার্যকর ভূমিকা রাখাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
রমজানজুড়ে ছয় দলের প্রতিদ্বন্দ্বিতায় প্রাণ ফিরে পাবে ব্রাহ্মণবাড়িয়ার ক্রিকেট অঙ্গন এমনটাই প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।