বিজয়নগর থানার ওসি আহসান উল্লাহ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়া, 23 July 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বর্তমান দায়িত্বরত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ কর্তৃক জুন ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও সদস্যদের মধ্য থেকে জেলার ৯ থানার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়ে সম্মাননা লাভ করেছেন। পুলিশের সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে জেলার ৯ থানার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করায় তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ তার হাতে এই সম্মাননা তুলে দেন। পুলিশের দেওয়া তথ্য মতে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অবদান রাখায় ওসি মোহাম্মদ আহসান উল্লাহ এ স্বীকৃতি অর্জন করেন। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনগণের আস্থা অর্জনে তার নেতৃত্বগুণও সহকর্মীদের মধ্যে দারুন প্রশংসিত হয়েছে। এর পাশাপাশি এই অনুষ্ঠানে একই থানার  এসআই (নিঃ) মাহবুবুল আলম শ্রেষ্ঠ ওয়ারেন্ট অফিসার হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করে সম্মানীত হয়েছেন।

পুলিশের এই গুরুত্বপূর্ণ সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ তার অভিব্যাক্তি ব্যক্ত করতে গিয়ে বলেন, যে কোন অর্জনই সাফল্যের। আজকের এ অর্জন আমাকে কাজের প্রতি আরও বেশি দায়িত্বশীল হতে সাহায্য করবে। এ অর্জন শুধু আমার একার নয় বিজয়নগর থানার সকল কর্মকর্তাগণও এই সাফল্যের অংশীদার। আশা করি এই সম্মাননা প্রাপ্তি আমাকে আগামীতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থানা এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে পুরো থানা এলাকাসহ গোটা ব্রাহ্মণবাড়িয়াকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তিনি এ ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন।