ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের চাহিদা হ্রাস ও তরুণ প্রজন্মের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে ‘মাদকবিরোধী ব্যাডমিন্টন ও কাবাডি টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে এবং সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ সদর’-এর সহযোগিতায় শহরের পৌর মুক্তমঞ্চ (টেংকের পাড়) মাঠে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক জনাব মোঃ জাহিদ হোসেন মোল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এম.এম. রকীব উর রাজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব সাজেদুল হাসান, জেলা ক্রীড়া অফিসার জনাব আল আমিন এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ জাহিদ হোসেন মোল্লা বলেন, “মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে মাদকের মরণব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠের লড়াই তরুণদের শৃঙ্খলা ও সুস্থতা শেখায়, যা তাদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও সিফাত মোঃ ইশতিয়াক ভূঁইয়া বলেন, মাদকের চাহিদা শূন্যে নামিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি সামাজিকভাবেও আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় অন্য বক্তারা খেলাধুলা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি মাদকমুক্ত জেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক জনাব সাবের হোসেন এবং সংগঠনের সদস্য সচিব ও মুখপাত্র জনাব শেখ আরিফ বিল্লাহ আজিজী।
প্রতিযোগিতা শেষে মাদকবিরোধী কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত দর্শকদের নিয়ে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়, যেখানে মাদকের কুফল তুলে ধরে লিফলেট বিতরণ ও শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ানুরাগী উপস্থিত ছিলেন।