ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল টু রাজাপুর সড়কের পাশ থেকে আবেদ আলী (১৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করে সরাইল থানা পুলিশ।
নিহত আবেদ আলী উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, আবেদ আলী অরুয়াইল দক্ষিণ বাজারে বাহালুল মিয়ার মরিচের মিলে কাজ করতেন। রোববার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মিল কর্তৃপক্ষ বিষয়টি পরিবারকে জানালে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, অরুয়াইল টু রাজাপুর সড়কের পাশে একটি মরদেহ পড়ে রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি আবেদ আলীর বলে শনাক্ত করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলাকাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।