অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় উপজেলার প্রায় ৭০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন এবং কসবা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন; স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, ইমাম, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান; উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ২৪১টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে ৪৮০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে স্বাস্থ্যকর্মী দায়িত্বে থেকে কার্যক্রম পরিচালনা করবেন।