শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ৩৪০০ (তিন হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ রাশিদা বেগম নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক কারবারি রাশিদা বেগম জেলার আখাউড়া থানার ধর্মনগর গ্রামের মোঃ সুহরাফ মিয়া প্রকাশ সোহরাব মিয়ার স্ত্রী। জেলা পুলিশের দেওয়া তথ্য মতে,শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২ঃ৪৫ মিনিটের দিকে আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অত্র থানার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর এলাকায় আসামির বসত ঘরে অভিযান চালায়। অভিযান চালিয়ে উপরে উল্লেখিত ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি রাশিদা বেগমকে হাতেনাতে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করে। এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। আসামীকে গ্রেফতারের পর এ-সংক্রান্তে তার বিরুদ্ধে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু করাসহ যাবতীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।